স্বামী হারালেন অভিনেত্রী নূতন

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

গণমাধ্যমে রুহুল আমিন বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। তিনি বলেন, ‘‘বাবুল ভাই জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন। প্রায় ৩০টি ছবি প্রযোজনা করেছেন। তাঁর প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি। সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।” 

প্রযোজক-পরিচালক বাবুলের সঙ্গে চলচ্চিত্র পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

তিনি জানান, আজ রোববার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রযোজক-পরিচালক রুহুল আমিন বাবুল। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও শারীরিক অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তাঁর প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যাসন্তান রয়েছে।