সাকিবের জন্মদিন উদযাপন জায়েদের

সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করলেন জায়েদ খান। ছবি: স্ক্রিনশট

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 

মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিকমাধ্যমে সাকিবের জন্মদিন উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছেন জায়েদ। যেখানে দেখা যায়, নিজের জন্মদিনের কেক কাটছেন সাকিব, পাশেই জায়েদ। আনন্দঘন সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের অহংকার, বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান।’   

জায়েদের সেই ভিডিও মুহূর্তেই নজর কাড়ে সাকিব-ভক্তদের। মন্তব্যঘরে বিশ্বসেরা অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাঁরা।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ তিনি ৩৯ বছরে পা রেখেছেন।

প্রসঙ্গত, বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। তবে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ছাত্র-জনতার তোপের মুখে পড়েন তিনি। মূলত তারপর থেকেই আমেরিকায় থিতু সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই মার্কিন মুলুকে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। ফলে সাকিবের জন্মদিনে একসঙ্গে দেখা গেল দুই তারকাকে।