দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন এই চিত্রনায়ক।
জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজন করছে বঙ্গজ ফিল্মস। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে উপস্থিত থাকবেন আরিফিন শুভ।
প্রিমিয়ার শোতে দর্শকদের সঙ্গে একসঙ্গে সিনেমাটি উপভোগ করবেন শুভ। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।
বিষয়টি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘মালিক আন্তর্জাতিক পরিমণ্ডলে মুক্তি পাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক হলে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতা নিতে চাই। আমার বিশ্বাস, সবাই আনন্দ নিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’
দেশে মুক্তির পর থেকেই মালিক দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন একক প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে সিনেমাটির শো।
প্রবাসী দর্শকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া, আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা মালিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’
তিনি আরও জানান, সিডনির প্রিমিয়ার শোতে দর্শকদের সাড়া ভালো হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এসে ‘মালিক’ উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।