সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তাঁর দাবি, আজকের পর থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা যেন ধর্মের নামে আর ‘মোরাল পুলিশিং’ না করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট এই নির্মাতা। তিনি বলেন, ‘‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রাপ্তবয়স্ক কোনো নারীর সাথে মেলামেশায় আমি আপত্তির কিছু দেখি না। কিন্তু মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক ছিল এবং ধরা খাওয়ার পর বলছেন ‘২য় স্ত্রী’, এই ব্যপারটা... আইডিয়াটা কোথা থেকে যেন কপি করা!’’
তিনি আরও বলেন, ‘কেন যে আপনারা সকাল-বিকেল উঠতে-বসতে মিথ্যা বলেন! এটা খুবই হতাশাজনক। মিথ্যা বলা কিন্তু গুনাহ।’
সবশেষে শিহাব শাহীন বলেন, ‘‘আজকের পর থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা আর ধর্মের নামে ‘মোরাল পুলিশিং’ কইরেন না, প্লিজ। জনগণ কিন্তু এখন সব বুঝতে পারে।’’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।