গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’। মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমা। এবার নতুন সুখবর! বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ দেখা যাচ্ছে মালিক।
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানাসহ আরও অনেকে।
ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মালিক সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সানজিদ আফফান। সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।
নির্মাতা জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর যাঁরা সিনেমাটি দেখার সুযোগ পাননি কিংবা আবারও উপভোগ করতে চান, তাঁরা এখন ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্ম উৎসব-এ সিনেমাটি দেখতে পারবেন।