টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর দৃশ্যায়ন, জায়েদ খানের নতুন লুক ও মডেলদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত ভিডিওটির শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে হাজির হন জায়েদ খান। পরনে ভিন্নধর্মী পোশাক, সঙ্গে নতুন লুক। এরপর কখনো সমুদ্রের ধারে, কখনো জাহাজে, আবার কখনো সমুদ্রতীরের রাস্তায় দেখা যায় তাঁকে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওতে গুরুত্ব পেয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনও।
জায়েদ খানের সঙ্গে ভিডিওটিতে দেখা গেছে বাংলাদেশি মডেল ইয়াসমিনকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও অংশ নিয়েছেন। ফলে ভিডিওজুড়ে দেশি-বিদেশি মডেলদের উপস্থিতিও আলাদা নজর কেড়েছে।
ভিডিও প্রকাশের পর জায়েদ খানের ফেসবুক পোস্টে জমতে শুরু করেছে নানা ধরনের মন্তব্য। কেউ প্রশংসা করেছেন তাঁর নতুন লুক ও ভিডিওর নির্মাণের, আবার কেউ করেছেন মজার মন্তব্য। এরই মধ্যে একজন লিখেছেন, ‘জায়েদ খান রকস’, আরেকজনের মন্তব্য, ‘জাস্ট ওয়াও’। অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন’। কায়েস আরজুও লিখেছেন, ‘জাস্ট ওয়াও’। চিত্রনায়িকা আঁচল লিখেছেন, ‘ওয়াও, নতুন লুক, নতুন কনসেপ্ট। নতুন এক জায়েদ খান’। আবার কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, ‘ডিগবাজি কোথায়?’
ভিডিওটি নিয়ে জায়েদ খানেরও বেশ উচ্ছ্বাস। তাঁর দাবি, শুধু মিউজিক ভিডিও হিসেবে নয়, ‘শিকারি’তে রাখা হয়েছে ফিল্মি আবেদন। নিউইয়র্কের সৌন্দর্যকে কাজে লাগিয়ে বাংলা গানকে বিশ্বের বাঙালিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
এক ভিডিও বার্তায় জায়েদ খান বলেন, ‘গানটি রিলিজের পর ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, শিকারি গানটির মাধ্যমে আপনাদের দিলে দিলে প্রেম পিরিতি জমে গেছে। আমি নায়ক হওয়ার পর সেরকম মিউজিক ভিডিওতে কাজ করিনি। তাই নিউইয়র্কের সুন্দর লোকেশন ব্যবহার করে বাংলা গানকে বিশ্বের বাঙালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।’
‘শিকারি’ পরিচালনা করেছেন বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগর। গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। বড় বাজেটের এই ভিডিও নির্মাণে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ান কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো।