রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
স্বজনরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও দুলালের কোনো খোঁজ পাননি। এ ঘটনায় উত্তরখান থানায় এরইমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের কাজ তদারকি শেষে বাসার উদ্দেশে রওনা হন মিজানুর রহমান দুলাল। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাতভর স্বজনরা উত্তরার আশপাশের এলাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে সন্ধান চালালেও তাঁর দেখা মেলেনি। বর্তমানে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে বিষয়টি জানিয়ে মেঘলা মুক্তা বলেন, ‘আমার বাবা আজ রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি আমাকে ফোন করেন। এরপর থেকে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনও বাসায় ফিরে আসেননি।’
এর আগে, সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে সবার সহযোগিতা চেয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে বড় ভূমিকা রাখতে পারে।’
পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য ও পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় মিজানুর রহমান দুলালের ছবি প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি ভারতের তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।