বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। এই তিনজনের হাতে আবার বন্দুক! হঠাৎ কেন এমন ছবি প্রকাশ? আসলে তাঁরা সবাই নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন। তারই ঘোষণা হিসেবে প্রকাশ পেয়েছে ছবিগুলো।
সিরিজটি নির্মিত হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য, নাম ‘ডাকাতিয়া বাঁশি’। নির্মাণ করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চরকি।
নির্মাতা ইমরাউল রাফাত এই সিরিজ দিয়েই ফিরছেন ওটিটির কাজে। তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে, তবে সেটা আমি বরাবরই নিয়ে এসেছি, এবারও নিলাম।’
তরুণ অভিনেতা পার্থ শেখ। ফিল্ম–সিরিজে নিয়মিতই দেখা যাচ্ছে তাঁকে। ডাকাতিয়া বাঁশি সিরিজের চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রের এমন কিছু লেয়ারস আছে, যা আগে কখনও ডিল করি নাই। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে পড়ে দেখছি যে অভিনয়ের কোন জায়গাটায় কী করা যায়।’
গান–অভিনয়ে পরিচিত এবং প্রিয় মুখ হয়ে উঠেছেন আরফান মৃধা শিবলু। সিরিজ ঘোষণার ছবিতে তাঁকে দেখা গেছে বন্দুক হাতে। তাহলে কি চরিত্রটি নিয়ে এখনই কিছু ধারণা করে নেবে দর্শকরা? জবাবে শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
এদিকে, অনেকদিন পর সিরিজে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাঝখানে ব্যস্ত ছিলেন সিনেমার কাজে। অপেক্ষা করছিলেন নতুন কিছুর জন্য। এবার সেটা পেয়ে গেছেন অভিনেত্রী।
ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনও কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার–মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, নতুন কিছু হবে আমার জন্যও।’
সিরিজে গুরুত্বপূর্ণ আরও চরিত্রে আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ।
এই গল্প নিয়ে চরকির কাজ করার কারণ এর মজার দিকটা, জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরনের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি ছকভাঙা ডাকাতিয়া বাঁশি সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।’
চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি কোনো থ্রিলার না হলেও দর্শকদের চমকে দিতে পারে, এমনকি দর্শকদের জন্য হতে পারে এক সারপ্রাইজ! সিরিজটি শিগগিরই চরকিতে মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।


অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা নিখোঁজ
