২৪ ডিসেম্বর বাংলাদেশেও শাহরুখের ‘কিং’, চলছে প্রস্তুতি

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারি অনুমতির জন্য আবেদন করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ‘কিং’ নিয়ে আসতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।

এদিকে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে আমদানির পরিকল্পনা রয়েছে। এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আগামী ২৪ ডিসেম্বর থেকেই দেশের প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে শাহরুখের ‘কিং’। যদিও সিনেমাটির বাংলাদেশে মুক্তি এখনো অনুমোদনসাপেক্ষ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার অন্যতম আকর্ষণ শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানের অভিনয়। বাবা-মেয়ের পাশাপাশি তারকাবহুল সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ অনেকে।