সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব উপস্থিতি চিত্রনায়ক ওমর সানীর। সমসাময়িক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তকে নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। সম্প্রতি অনন্ত জলিলের বিপুল পরিমাণ ঋণের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। যেখানে তিনি অনন্ত জলিল প্রসঙ্গে নিজের ভাবনা খোলাখুলি তুলে ধরেন।
অনন্ত জলিলের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি একজন ভালো মনের মানুষ এবং খুবই ভালো একজন ফাইটার। বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটি তাঁর কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি খুব সহজেই বিষয়টি সামলে নেবেন।’
তিনি আরও যোগ করেন, ‘যে ধরনের কথাবার্তা চারদিকে উঠছে, আমার বিশ্বাস অনন্ত জলিলের জন্য পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে না। তাঁর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এত বেশি আলোচনা করে তাঁকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও কোনো প্রয়োজন নেই। আমার মনে হয়, তিনি খুব সংক্ষেপে ও বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টির সমাধান করে ফেলবেন।’
ভিডিওবার্তায় অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে ওমর সানী বলেন, ‘যেহেতু বিষয়টি ঘটিয়েই ফেলেছেন, আশা করি আপনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন—এটাই বাস্তব। আপনার জন্য অনেক শুভকামনা (অল দ্য বেস্ট)। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো স্নেহ করি এবং খুব ভালো মানুষ হিসেবে জানি। আপনি নিজেও একজন খুব ভালো মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
এ সময় নিজের বর্তমান ব্যস্ততা ও ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েও কথা বলেন ওমর সানী। নিজের রেস্তোরাঁ ব্যবসা ও কর্মব্যস্ততার কথা তুলে ধরে জানালেন যে, হেমায়েতপুরে অবস্থিত নিজের রেস্তোরাঁয় যাওয়ার পথে প্রায়ই অনন্ত জলিলের পোশাক কারখানার (গার্মেন্টস) পাশ দিয়েই তিনি যাতায়াত করেন।