ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধ নিয়ে সরব হয়েছেন হলিউড তারকারা। এবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে খোলা চিঠি লিখেছেন হলিউডের শীর্ষ তারকারা। অক্সফাম আমেরিকা ও অ্যাকশন এইড ইউএসএ’র উদ্যোগে তাঁরা জো বাইডেনকে এই চিঠি লেখেন।
চিঠিতে হলিউড তারকারা মানুষের প্রাণহানি বন্ধে অবিলম্বে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতি এবং উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারকাদের এই খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘প্রিয় রাষ্ট্রপতি বাইডেন, আমরা শিল্পী এবং উকিলরা একত্রিত হয়েছি, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ পরিচয় মানুষ হিসেবে একত্রিত হয়ে ইসরায়েল ও ফিলিস্তিনে বিধ্বংসী প্রাণহানি এবং বিভীষিকা দেখছি।’
আরও লেখা হয়, ‘আমরা অনুরোধ করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে, আপনি এবং মার্কিন কংগ্রেস আরেকটি প্রাণ হারানোর আগে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতির আহ্বান জানান। গত দেড় সপ্তাহে ৫০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যে সংখ্যাটি কতটা ভয়াবহ তা বিবেকবান মানুষ মাত্রই জানেন। আমরা মনে করি, বিশ্বাস বা জাতি নির্বিশেষে সমস্ত জীবন পবিত্র এবং আমরা ফিলিস্তিন ও ইসরায়েলের নিরস্ত্র নাগরিকদের হত্যার নিন্দা করি।’
চিঠিতে স্বাক্ষরিত তারকাদের তালিকায় আছেন সেলেনা গোমেজ, জায়ান মালিক, বেলা হাদিদ, জিজি হাদিদ, জেনিফার লোপেজ, অনুশকা শংকর, বেন অ্যাফ্লেক, ব্র্যাডলি কুপার, চানিং টাটুম, ড্রেক, ডুয়া লিপা, জোয়াকিন ফিনিক্স, ক্রিস্টেন স্টুয়ার্ট, সারাহ জোনস ও মাইকেল মুরসহ অনেকে।
এর আগে অস্কারজয়ী জোয়াকিন ফিনিক্স, কমেডিয়ান ক্রিস্টেন স্টুয়ার্ট, ক্যাট ব্লানচেট, সুসান সারানডন, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলিসহ ৬০ হলিউড তারকা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সেই চিঠিতে অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও জানানো হয়।