চলতি বছর বেশ সুফলা হলিউড। গ্লোবাল বক্স অফিসে একচেটিয়া রাজত্ব ছিল ‘বার্বি’, ‘দ্য সুপার মারিও ব্রোস’ ও ‘ওপেনহাইমার’-এর মতো বেশ কিছু ছবির। এর মধ্যে প্রথম দুটি ছবি তো জায়গা করে নেয় বিলিয়নিয়ার ক্লাবে। এদিকে, নতুন বছরের দুয়ারে দাঁড়িয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। ২০২৪ সালে হলিউড মাতাতে পারে যেসব ছবি, সেই সম্ভাবনার কথা তুলে ধরছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
বিনোদনভিত্তিক পোর্টাল ফ্যানডম ওয়্যারের বরাতে জানা যায়, নতুন বছরে হলিউডে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সুপারহিট ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। তার মধ্যে জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘কুংফু পান্ডা’র চতুর্থ কিস্তি আসছে ২০২৪-এর মার্চে। এটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যান, জ্যাক ব্ল্যাক ও সেথ রোগানের মতো খ্যাতনামা তারকারা। বিষয়টি এরইমধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে পান্ডা-ভক্তদের মাঝে।
তবে মুক্তির অপেক্ষায় রয়েছে আরেকটি আলোচিত ফ্র্যাঞ্চাইজি; ধারণা করা হচ্ছে সেটি নাকি ছাপিয়ে যেতে পারে ‘কুংফু পান্ডা-৪’কেও। অ্যাঞ্জেলিনা জোলি ও জ্যাকি চ্যানের মতো তারকাবহুল ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে এটি পিছিয়ে পড়বে গ্রু’র মিনিয়ন বাহিনীর কাছে। এমনটাই ধারণা বিশ্লেষকদের। এতক্ষণে নিশ্চয় আঁচ করে ফেলেছেন সেটি কোন ছবি! বলা হচ্ছে, ‘ডেসপিকেবল মি ৪’-এর কথা। ২০২৪ সালের জুলাইয়ে মুক্তির কথা রয়েছে এটির।
চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে বক্স অফিসে ফিরেই রাজত্ব কায়েম করবে ইউনিভার্সাল স্টুডিওর মিনিয়নরা। আয়ের দিক থেকে বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করবে এটি। সংবাদমাধ্যম দ্য ডিরেক্ট বলছে—এগিয়ে থাকার প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারের ব্যবসা হাঁকাবে নির্মাতা মাইক মিশেল পরিচালিত ‘কুংফু পান্ডা-৪’। নিশ্চয় তা সুপারহিটের আশা জাগানিয়া।
তবে এর চেয়েও বড় চমক থাকছে ‘ডেসপিকেবল মি-৪’র বেলায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ক্রিস রেনেড ও প্যাট্রিক ডেলেজ পরিচালিত এই ছবি ন্যূনতম ১.১ বিলিয়ন ডলারের ব্যবসা করতে যাচ্ছে।
হলিউড বক্স অফিসে এখন পর্যন্ত এই দুটি ছবিরই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভাগ্যবশত দুটি ছবির মুক্তির তারিখে অনেকটা ব্যবধান রয়েছে। ‘কুংফু পান্ডা-৪’ মুক্তি পাচ্ছে আগামী ৮ মার্চ। অন্যদিকে, ‘ডেসপিকেবল মি-৪’ আসছে ৩ জুলাই।