ফিলিস্তিন বংশোদ্ভূত আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। সম্প্রতি তিনি ইসরায়েল নিয়ে এক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্ট মুছে দিলেও কোনোভাবে বিতর্কের ঝড় থামছিল না। এই পরিপ্রেক্ষিতে এবার ক্ষমা চাইলেন জিজি। খবর হলিউড রিপোর্টার।
ওই পোস্টে ইসরায়েল প্রসঙ্গে জিজির ভাষ্য ছিল এ রকম—‘ইসরায়েলই একমাত্র দেশ, যারা শিশুদেরও যুদ্ধবন্দি করে রাখে।’ উদাহরণ হিসেবে তিনি টেনে এনেছিলেন ফিলিস্তিনি যুবক আহমেদ মানসরার প্রসঙ্গ। ১৩ বছর বয়সে সে ইসরায়েলি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তারপর তাঁকে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়। যদিও এই দণ্ড কমিয়ে পরে তা সাড়ে ৯ বছর করা হয়েছিল। অপরাধ ছিল—সে ও তার ভাই মিলে জেরুজালেমে ২০ বছর বয়সী এক ইসরায়েলি সিকিউরিটি গার্ড ও ১৩ বছরের এক ছেলেকে ছুরিকাঘাত করা।
মুছে দেওয়া ওই স্ট্যাটাসটি জিজি দিয়েছিলেন ইসরায়েল-হামাস জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতির গুঞ্জন ওঠার সময়ে। এরইমধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
ওই পোস্টে জিজি দাবি করেছিলেন, গুরুতর স্বাস্থ্য সমস্যার মাঝেও দখলদার ইসরায়েল মানাসরাকে অপহরণ করেছে ও নির্জন কারাবাসে রেখেছে। এভাবে শতশত ফিলিস্তিনি শিশুবন্দি ইসরায়েলি কারাগারে ভুগছে।
এমন মন্তব্যের পরই ইসরায়েলি সুপারমডেল বার রেফালি ও সংগীত মোগল স্কুটার ব্রাউনসহ অনেকে সমালোচনা করেন জিজির। কেউ কেউ মডেলিং এজেন্সি আইএমজি’কে তাঁর সঙ্গে চুক্তি বাতিলেরও দাবি তুলেন। তারপরই পোস্টটি মুছে দেন জিজি। এবার সেই পোস্টে ‘ভুল’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জিজি বলেন, ‘যেভাবে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে—আমি সেটাই দেখাতে চেয়েছিলাম। এই ক্ষেত্রে, হাইলাইট করার চেষ্টা করছিলাম কীভাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি শিশুদের প্রায়ই একই অপরাধে অভিযুক্ত একজন ইসরায়েলি শিশুর মতো সমান অধিকার দেওয়া হয় না। দুর্ভাগ্যবশত, আমি সেই পয়েন্টটি তৈরি করতে ভুল উদাহরণ ব্যবহার করেছি এবং আমি এর জন্য দুঃখিত।’
জিজির মতে, ইসরায়েলি বা ফিলিস্তিনি—যে শিশুই হোক না কেন, সবাই সমান মানবাধিকার প্রাপ্য। বললেন, ‘একজন ফিলিস্তিনি শিশু, এমনকি যদি সে একটি ভয়ঙ্কর অপরাধের জন্য অভিযুক্ত হয়, তবুও একই পরিস্থিতিতে একজন ইসরায়েলি শিশুর মতো একই অধিকার পাওয়ার দাবি রাখে।’
প্রসঙ্গত, এরইমধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত মোট ১৮০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে, হামাস মুক্তি দিয়েছে ৫০ জনের বেশি ইসরায়েলিকে।


ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় তোপের মুখে ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা মডেল জিজি
লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী 
