অস্কারে আলোচিত

সেরা হচ্ছে কোন সিনেমা

এবারের অস্কারে সেরা ছবির দৌড়ে রয়েছে ১০টি সিনেমা—‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহাইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। এর মধ্যে কোন চলচ্চিত্রটি জিতে নেবে সেরার পুরস্কার, তা বলে দেওয়া কল্পনাতেও অসম্ভব! কেননা, সেই কল্পনা বা জল্পনা যেকোনো সময় ধূলিস্যাৎ হয়ে যেতে পারে।   

তবে বেশির ভাগ সিনেবোদ্ধাই এই তালিকায় এগিয়ে রেখেছেন ‌‘ওপেনহাইমার’কে। পারমানবিক বোমার জনক ওপেনহাইমারের জীবনী অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’কে চলচ্চিত্র সমালোচক নিকোলাস বার্বার বললেন, ‘এ বছর সেরা ছবি ওপেনহাইমার না হলে এটা খুবই মন খারাপের বিষয় হবে। এর বিষয়বস্তু গভীর ও তারকাখচিত কাস্টিং, এমনকি প্রযুক্তিগতভাবেও চমকপ্রদ; ক্রিস্টোফার নোলান পরিচালিত জে রবার্ট ওপেনহেইমারের বায়োপিকটি হলিউডের অন্য সত্য গল্পের ওপর ভিত্তি করে বানানো সিনেমার চেয়ে অনেক বেশি জটিল। গ্লোবাল বক্স অফিসে এটি অসাধারণভাবে সফল, পুরস্কার মৌসুমে একচ্ছত্র আধিপত্য বিস্তার এবং অস্কার মনোনয়নের ক্ষেত্রে দাপট দেখিয়েছে—মোট ১৩টি বিভাগে এটি রয়েছে। সেরা ছবির প্রতিযোগীদের মধ্যে ওপেনহাইমার আমার প্রিয় কিনা—এমনটা বলতে পারছি না, তবে পুরস্কারের যোগ্য এটি।’

প্রসঙ্গত, মাত্র ঘণ্টা কয়েক বাকি! তারপরেই আমেরিকার ডলবি থিয়েটারে বসছে এ পুরস্কারের আসর। তখনই সিনেপ্রেমীরা জেনে যাবেন, পছন্দের কোন সিনেমাটি জিতে নিয়েছে ৯৬তম অস্কার।