টানা ৯ মিনিট করতালি পেল সেলেনা গোমেজের নতুন ছবি

এবারের কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে বেশিক্ষণ অভ্যর্থনা পেল গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের মিউজিক্যাল ফিল্ম ‘এমিলিয়া পেরেজ’। দর্শকরা টানা ৯ মিনিট মুহুর্মুহু করতালিতে সম্মান জানিয়েছে। এখন পর্যন্ত এবারের আসরে এটিই সর্বোচ্চ। খবর ভ্যারাইটির।  

স্প্যানিশ ভাষায় নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন ফরাসি নির্মাতা জ্যাক অডিয়ার্ড। কেন্দ্রীয় চরিত্রে সেলেনা গোমেজ ছাড়াও অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গ্যাসকোন, এডগার রামিরেজ প্রমুখ। 

সিনেমাটির একটি দৃশ্যে জো সালদানা। ছবি: সংগৃহীত

সিনেমাটি দেখে দ্য প্যালাইসে দর্শকরা যখন ৯ মিনিটজুড়ে হাততালি দিচ্ছিলেন, শিস আর উল্লাসে ফেটে পড়ছিলেন, তখন চোখের কোণে জল মুছছিলেন সেলেনা গোমেজ। স্ট্যান্ডিং ওভেশনের সময় বারান্দায় দাঁড়িয়ে টুপি তুলে ধরেছিলেন পরিচালক জ্যাক অডিয়ার্ড। এদিকে, সালদানা ও এডগার রামিরেজ তখন আবেগপূর্ণ আলিঙ্গন ভাগ করে নিয়েছেন। ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী গ্যাসকোন, যিনি এ চলচ্চিত্রে লিঙ্গ-রূপান্তর অস্ত্রোপচারের সন্ধানকারী একজন মাদক সম্রাটের ভূমিকায় অভিনয় করেছেন।

স্বর্ণপাম জেতা নির্মাতার এ চলচ্চিত্রে জো সালদানা অভিনয় করেছেন রিটা নামের এক আইনজীবীর চরিত্রে। যার ল’ ফার্ম বিচারের চেয়ে অপরাধীদের সাহায্য করতেই বেশি উন্মুখ। এ ছাড়া তিনি অপ্রত্যাশিত একটি উপায় খুঁজে পান, যখন ভয়ঙ্কর মাফিয়া নেতা ম্যানিটাস (গ্যাসকোন) তাকে গোপনে লিঙ্গ পরিবর্তন অপারেশন করার জন্য সাহায্য করতে নিয়োগ করেন, যা সে সবসময় হতে চেয়েছিল। অন্যদিকে, জেসি চরিত্রে রয়েছেন সেলেনা গোমেজ। 

লালগালিচায় এডগার রামিরেজ, জো সালদানা, জ্যাক অডিয়ার্ড, সোফিয়া গ্যাসকোন ও সেলেনা গোমেজ। ছবি: ফেসবুক/ ফেস্টিভ্যাল দে কান

সংবাদমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিনেমাকে ‌‘চারটি চরিত্রের ওপেরা লিব্রেটো’ হিসেবে অভিহিত করেছেন পরিচালক অডিয়ার্ড। কারণ অভিনয়শিল্পীরা গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল গানগুলো থেকে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত মুখ জ্যাক অডিয়ার্ড। যিনি ২০১৫ সালে ‘ধীপন’ চলচ্চিত্রের জন্য স্বর্ণপাম জিতেছেন। তাঁর প্রথম চলচ্চিত্র ‘ওয়াচ দ্য ম্যান ফল’ নির্বাচিত হয়েছিল ক্রিটিকস উইকে। এই সিনেমাগুলো ছাড়াও কানে নির্বাচিত হয় তাঁর ‘আ প্রফেট’, ‘অফ রাস্ট অ্যান্ড বন’, ‘দ্য অলিম্পিয়াডস’ এবং এখন ‘এমিলিয়া পেরেজ’।