নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমা ‘মারিয়া’। যেখানে গ্রিক অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের ভূমিকায় রয়েছেন তিনি। এবার ভক্তদের জন্য আরও এক সুখবর। নতুন সিনেমায় নাম লেখালেন ‘ম্যালফিসেন্ট’খ্যাত জোলি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনেত্রীর এই সিনেমার নাম ‘স্টিচেস’। পরিচালনা করছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর।
সিনেমাটিতে জোলিকে দেখা যাবে একজন পরিচালকের ভূমিকায়। গল্পের মূল পটভূমিজুড়ে রয়েছে প্যারিসের ফ্যাশন জগৎ। যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়।
স্টিচেস প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স। আর পরিবেশকের দায়িত্বে থাকছে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস।
জানা যায়, অ্যালিস উইনোকোরের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র এটি। ফরাসি-ইংরেজি—দুই ভাষাতেই দেখা যাবে। তবে শুটিং কবে থেকে শুরু হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জোলির সর্বশেষ চলচ্চিত্র ‘মারিয়া’। এর চিত্রনাট্য লেখেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। মূলত এটি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের বায়োপিক।