ডিলান হওয়ার জন্য গিটার-গান শেখা ছাড়াও ওজন বাড়াতে হয়েছিল টিমোথিকে

সেলুলয়েডে উঠে এসেছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি বব ডিলান। ‌‘আ কমপ্লিট আননোন’ নামের চলচ্চিত্রে এই সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন টিমোথি শালামে। আর চরিত্রটি ফুটিয়ে তুলতে দীর্ঘ পাঁচ বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। গিটার বাজানো শেখা, গান গাওয়ার পাশাপাশি শারীরিকভাবে তাঁকে ২০ পাউন্ড (৯ কেজি) ওজন বাড়াতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য শেয়ার করেছেন টিমোথি নিজেই। তিনি বলেন, ‘সম্ভব এমন কিছু নেই যা আমি করিনি। শারীরিক ও আচরণের দিক থেকে অনেক কিছু করেছি, যেমনটা আপনি বর্ণনা করছিলেন।’

যোগ করে তিনি বলেন, ‘কিন্তু এমন একটা বিষয় রয়েছে, যা নিয়ে সত্যিই কথা বলিনি। বিশ্বাস করুন আর না-ই করুন, আমি ওই লোকটির চেয়ে রোগা-পাতলা ছিলাম, আমাকে ২০ পাউন্ড (৯ কেজি) ওজন বাড়াতে হয়েছে।’

জেমস ম্যানগোল্ড পরিচালিত এই সিনেমার জন্য ৯৭তম অস্কার আসরে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন টিমোথি শালামে। এ ছাড়া সেরা সিনেমা বিভাগেও মনোনয়ন পেয়েছে আ কমপ্লিট আননোন।

চলচ্চিত্রটির আরেকটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এর আগে রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিলান হতে গিয়ে গিটার শেখা ও গান গাওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন টিমোথি শালামে।

১৯৬১ সালে ১৯ বছর বয়সে বব ডিলানের নিউ ইয়র্ক সিটিতে আগমন থেকে শুরু করে ১৯৬৫’র নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে তাঁর যুগান্তকারী ‘গোয়িং ইলেকট্রিক’ মুহূর্তকে তুলে ধরেছে এই বায়োপিক।

অন্যদের মতো অ্যাকশন তারকার শরীরী ভাষা না থাকার কথা জানাচ্ছিলেন টিমোথি। তিনি বলছিলেন, ‘আমি এই খুব পারসোনালাইজড চলচ্চিত্রগুলোয় আমার পথ খুঁজে পেয়েছি।’ যে কারণে তিনি গতানুগতিক ব্লকবাস্টারের পরিবর্তে ‘কল মি বাই ইউর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘লেডি বার্ড’ ও ‘লিটল উইমেন’র মতো গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করেছেন।

টিমোথি বলেন, ‘সেগুলো সীমিত বাজেটের, কিন্তু খুব... আমি জানি না কীভাবে রাখা যায়—ব্যক্তিগত চলচ্চিত্র যা এই থিয়েটার থেকে শুরু হয়েছিল। এখানেই আমি আমার ছন্দ, আমার আত্মবিশ্বাস, আমার প্রবাহ খুঁজে পেয়েছি, আপনি এটাকে যেকোনো কিছু বলতে পারেন।’

তবে টিমোথি শালামে নিশ্চয়ই হলিউডের বড় ব্লকবাস্টার তারকাদের একজন হয়ে উঠবেন ‘ওনকা’ ও ‘ডুন: পার্ট টু’ ছবিতে অভিনয়ের সুবাদে, যেগুলো ইতিমেধ্যে ঘরের বাজারে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। অন্যদিকে, আগামীতে এই অভিনেতাকে দেখা যাবে জোশ সাফদির পিং পং অ্যাডভেঞ্চার ঘরানার ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রে।