ফের ফ্যাশন ইন্ডাস্ট্রির চাকচিক্য দুনিয়ায় ফিরছেন মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। প্রকাশ্যে এল তাঁর ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’র ফার্স্টলুক।
সোমবার (২১ জুলাই) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা’ সিক্যুয়েলের একঝলক শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে তিনি লেখেন, ‘অ্যান্ডি স্যাক্স ২০২৫।’
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা ছবিতে সাংবাদিক ‘অ্যান্ডি স্যাক্স’ চরিত্রে বাজিমাত করেছিলেন হ্যাথাওয়ে। পর্দায় তিনি ‘রানওয়ে’ নামের একটি ফ্যাশন ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ মিরান্ডা প্রিস্টলির ব্যক্তিগত সহকারী ছিলেন। দীর্ঘ দুই দশক পর আবারও তাঁকে দেখা গেল সেই চরিত্রের ঝলকে।
মূল সিনেমায় অ্যান হ্যাথাওয়ে ছাড়াও অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির মতো তারকা শিল্পীরা। নির্মাতা ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত এই সিনেমায় ফ্যাশন জগতের চাকচিক্যর পাশাপাশি এর ভেতরের কঠিন বাস্তবতার চিত্রও ফুটে উঠে।
৭৯তম অস্কার আসরে সেরা অভিনেত্রী এবং সেরা পোশাক ও সাজসজ্জা বিভাগে মনোনয়ন পেয়েছিল দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা। যদিও শেষ পর্যন্ত কোনো বিভাগে পুরস্কার ঘরে তুলতে পারেনি।
বর্তমানে নিউইয়র্ক ও ইতালিতে চলছে সিক্যুয়েলটির শুটিং। যেখানে শুধু হ্যাথাওয়েই নন, মুখ্য চরিত্রে ফিরছেন স্ট্রিপ, ব্লান্ট ও টুচিও। তাঁদের সঙ্গে দেখা যাবে অভিনেতা কেনেথ ব্রানাঘকে।
তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে যে, মূল সিনেমায় অ্যান্ডি স্যাক্স’র প্রেমিক ‘নেট’ চরিত্রে অভিনয় করা আদ্রিয়ান গ্রেনিয়ার সিক্যুয়েলে থাকছেন না।
দ্য ডেভিল ওয়ার্স প্রাডা-২ আগামী বছরের ১ মে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা রয়েছে।