এবার ‘মার্ক জাকারবার্গ’ হচ্ছেন জেরেমি স্ট্রং

প্রায় ১৫ বছর আগে মুক্তি পেয়েছিল বায়োপিক ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’, যা বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের শুরুর দিক তুলে ধরেছিল। পর্দায় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ভূমিকায় অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ। এবার নির্মাণ হচ্ছে ছবিটির সিক্যুয়েল। শিরোনাম ‌‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক পার্ট টু’।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, সিক্যুয়েলটির চিত্রনাট্য ও পরিচালনায় থাকছেন অ্যারন সোরকিন। মূল সিনেমায় তিনি শুধু চিত্রনাট্য লিখেছিলেন।

সিক্যুয়েলে মার্ক জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে এমিজয়ী অভিনেতা জেরেমি স্ট্রংকে। অন্যান্য চরিত্রে আলোচনায় রয়েছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট। তবে এখনও অভিনয়শিল্পীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জানা যায়, নতুন ছবিটি সরাসরি কোনো সিক্যুয়েল নয়, তবে মূল সিনেমার ধারাবাহিকতা থাকবে। 

২০২১ সালের অক্টোবরে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয় জেফ হরভিটজের অনুসন্ধানমূলক প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’, যেখানে কিশোরদের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি বিশদভাবে উঠে আসে। জানা যায়, নতুন ছবিতে অ্যারন সোরকিন সেই প্রতিবেদনের পেছনের গল্পটি তুলে আনবেন।

চলতি বছর ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক ‘দ্য অ্যাপ্রেনটিস’-এ রয় কোহন চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন পান জেরেমি স্ট্রং। তবে তাঁর সবচেয়ে আলোচিত চরিত্র এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের কেন্ডাল রয়, যিনি এক মিডিয়া সাম্রাজ্যের সংকটে ভোগা উত্তরসূরি। 

এদিকে, কিংবদন্তি সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনকে নিয়ে তৈরি ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’ চলচ্চিত্রে অভিনেতাকে দেখা যাবে জন ফ্যাভরোর ভূমিকায়।