ফিলিস্তিনের গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না ‘কুইন অব পপ’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা। খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই সেখানে যেতে পোপ লিওর প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তিনি।
গাজায় যখন ইসরায়েল একের পর এক হামলা করছে—এমন আবহে সোমবার (১১ জুলাই) এক ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা বলেন, ‘পরম পবিত্র পিতা, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারছি না। পৃথিবীর শিশুরা সকলের।’
যোগ করে ‘লা ইসলা বনিতা’ গায়িকা বলেন, ‘আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাঁকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।’
সবশেষে বলেন, ‘সময় বেশি নেই। দয়া করে বলেন যে আপনি যাবেন।’
নবনির্বাচিত পোপ লিওর প্রতি ম্যাডোনা এমন দিনে আহ্বান জানালেন, যেদিন তাঁর ছেলে রোকোর জন্মদিন। বিষয়টি উল্লেখ করে গায়িকা বলেন, ‘আমি মনে করি, একজন মা হিসেবে তাকে যে সেরা উপহার দিতে পারি—তা হলো গাজায় সংঘাতে আটকা পড়া নিষ্পাপ শিশুদের বাঁচাতে সকলকে তাঁদের সাধ্যমতো সাহায্য করার আহ্বান জানানো।’
তিনি আরও বলেন, ‘আমি কারও দিকে আঙুল তুলছি না, দোষারোপ করছি না কিংবা পক্ষ নিচ্ছি না। সবাই কষ্ট করছে। জিম্মিদের মায়েরাও। আমি প্রার্থনা করি যেন তারাও মুক্তি পায়।’
প্রসঙ্গত, প্রয়াত পোপ ফ্রান্সিসের পদচিহ্ন ধরে পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন।