৯৮তম অস্কারে বাজিমাত করেছে মিউজিক্যাল ফিল্ম ‘কেপপ ডেমন হান্টার্স’। কে-পপ তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ও সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতেছে।
গত বছর মুক্তির পরই শিশু ও প্রাপ্তবয়স্ক দর্শকের মনে জায়গা করে নেয় এই সিনেমার ‘গোল্ডেন’ শিরোনামের একটি গান। বর্তমানে তা বিশ্বসংগীত তালিকায় শীর্ষে রয়েছে। চলচ্চিত্রে এটি গেয়েছিল তরুণীদের গানের দল ‘হানট্রিক্স’।
গোল্ডেন গানটির জন্য অস্কারে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার লাভ করে কেপপ ডেমন হান্টার্স। এবারের অস্কার মঞ্চে কে-পপ কনসার্টের প্রচলিত আলোস্টিকের আলোয় গানটি পরিবেশন করেছেন ইজে, রেই আমি ও অড্রে নুনা।
মঞ্চে পুরস্কার গ্রহণকালে কান্নাভেজা কণ্ঠে গানটির গীতিকার ও গায়িকা ইজে বলেন, ‘বয়স বাড়ার সময় মানুষ আমাকে কে-পপ পছন্দ করার জন্য ঠাট্টা করত। কিন্তু এখন সবাই আমাদের গান এবং কোরীয় লিরিক্স গাইছে, আমি সত্যিই গর্বিত।’
এদিকে, পরিচালক ম্যাগি কাং ও ক্রিস অ্যাপেলহান্সের পাশাপাশি প্রযোজক মিশেল এলএম ওয়ং গ্রহণ করেন সেরা অ্যানিমেটেড ফিল্মের পুরস্কার। কাং বলেন, ‘এটি (অস্কার) কোরিয়ার জন্য এবং বিশ্বের সমস্ত কোরিয়ানদের জন্য।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের মতো যারা দেখেন, তাদের জন্য দুঃখিত যে এ ধরনের সিনেমা দেখতে এত দেরি হয়ে গেল। কিন্তু এখন এটা এখানে, এবং এর অর্থ আগামী প্রজন্মকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।’
কেপপ ডেমন হান্টার্স সিনেমাটির গল্প এগিয়েছে এমন একটি কে-পপ গার্ল গ্রুপ নিয়ে, যারা কণ্ঠস্বরের মাধ্যমে দানবদের মোকাবিলা করে বিশ্বকে রক্ষা করে। এর মধ্যে থাকে প্রেতলৌকিক এক বয় ব্যান্ড, যারা হিপনোটিক সুরের মাধ্যমে আত্মা শিকার করে। সিনেমাটির সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি হিট গান পেয়েছেন দর্শকরা, বিশেষত ‘গোল্ডেন’ এবং প্রতিদ্বন্দ্বী বয় ব্যান্ড সাজা বয়েজ’র ‘সোডা পপ’ বেশ আলোচিত।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে, কেপপ ডেমন হান্টার্স’র সিক্যুয়েল নির্মাণ করা হবে, তবে এখনও বিস্তারিত প্রকাশ্যে আসেনি।