জনপ্রিয় তারকাযুগল টম হল্যান্ড ও জেন্ডায়ার বিয়ে নিয়ে জল্পনা বহুদিনের। অবশেষে সেই জল্পনার ইতি টানলেন ‘স্পাইডার ম্যান’ তারকা নিজেই। এক সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি জানিয়ে দিয়েছেন যে, বিয়েটা সেরে ফেলেছেন!
হলিউডে কয়েক মাস ধরেই গুঞ্জন, গোপনে বিয়ে সেরেছেন টম ও জেন্ডায়া। চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেন যে, ইতিমধ্যেই এই তারকাযুগলের বিয়ে সম্পন্ন।
এরপরই সামাজিকমাধ্যমে টম-জেন্ডায়ার একাধিক এআই-নির্মিত ‘বিয়ের ছবি’ ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে ভক্তদের মধ্যে তুমুল জল্পনা শুরু হয়।
সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে টম জানান, তাঁর ঠাকুমা ওই এআই ছবিগুলো দেখে ভেবেছিলেন যে, তাঁকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। তখন প্রশ্ন করা হয়, পরিবারের অন্য সদস্যদেরও কি বিষয়টি বুঝিয়ে বলতে হয়েছিল? জবাবে অভিনেতা বলেন, ‘না, কারণ ওরা সবাই সেখানে ছিল।’
এই একটি মন্তব্যেই কার্যত নিশ্চিত হয়ে যায় যে, সত্যিই তাঁরা বিয়ে করে ফেলেছেন। তবে বেশিকিছু বলতে নারাজ অভিনেতা। তাঁর ভাষ্য, ‘এর চেয়ে বেশিকিছু জানতে পারবেন না।’
প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে এখনও বিয়ের তারিখ, স্থান বা অনুষ্ঠান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি টম-জেন্ডায়া।
‘স্পাইডার ম্যান’ ছবির সেটে পরিচয়ের পর ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান টম ও জেন্ডায়া। ২০২১ সালে তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০২৪ সালের শেষদিকে তাঁদের বাগদানের খবর শোনা যায়। এবার টমের মন্তব্যে বিয়ের কথাও প্রায় নিশ্চিত হয়ে গেল।
সূত্র: ভ্যারাইটি