একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে ৪ বিশ্বখ্যাত চলচ্চিত্র

শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এক দারুণ সিনেম্যাটিক উৎসব। ঢাকার দর্শকের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে সিনেপ্লেক্সের পর্দায় একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ৪টি বড় বাজেটের সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন অ্যানিমেশন এবং থ্রিডি লাইভ কনসার্ট ফিল্ম—সব ধরনের দর্শকের চাহিদাই মেটাবে এই তালিকা।

‘এভিল ডেড বার্ন’
বিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি ‘এভিল ডেড’-এর ষষ্ঠ এই কিস্তিটি পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক এবং প্রযোজনা করেছেন স্যাম রাইমি ও রব ট্যাপার্ট। স্বামীর অকালমৃত্যুর পর এক তরুণী তার শ্বশুড়বাড়ির লোকজনের কাছে আশ্রয় নেয়। কিন্তু ‘বুক অব দ্য ডেড’-এর অভিশপ্ত ডেমোনিক শক্তি জাগ্রত হলে তাদের পারিবারিক মিলনমেলা পরিণত হয় চরম দুঃস্বপ্নে। রক্তের বন্যা ও হাড়হিম করা স্পেশাল ইফেক্টসে ভরপুর এই ছবিটি হররপ্রেমীদের মন জয় করতে তৈরি।

‘প্যাসেঞ্জার’
আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত এই সাইকোলজিক্যাল হরর ও সাসপেন্স থ্রিলারটি এক তরুণ দম্পতির গল্প। ভ্যান লাইফ রোড ট্রিপে বের হয়ে তারা এক নির্জন মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়। আহত আরোহীকে বাঁচাতে গিয়ে তারা বুঝতে পারে এক অতিপ্রাকৃত ডেমোনিক সত্তা তাদের পিছু নিয়েছে। গাড়ির ভেতরের বদ্ধ পরিবেশে বেঁচে থাকার এই শ্বাসরুদ্ধকর লড়াই দর্শকদের পুরোটা সময় টানটান উত্তেজনায় রাখবে।

‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’
শিশু-কিশোর ও পরিবারের জন্য নির্মিত এই সায়েন্স ফিকশন অ্যানিমেটেড চলচ্চিত্রে ২০৫০ সালের গল্প দেখানো হয়েছে। ‘আকলি একাডেমি’র ৪ জন প্রতিভাবান শিশু শিক্ষার্থী ভুলবশত টাইম-ট্রাভেল ডিভাইসের মাধ্যমে অতীতকালের বাগদাদে পৌঁছে যায়। সেখানে এক দুষ্ট রসায়নবিদ বিজ্ঞানের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত করলে, আধুনিক বিজ্ঞান ও সভ্যতার ইতিহাস বাঁচাতে এই চার খুদে শিক্ষার্থী এক দুঃসাহসিক অভিযানে নেমে পড়ে।

‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’
সংগীত ও চলচ্চিত্রের দুর্দান্ত এই ফিউশনটি যৌথভাবে তৈরি করেছেন কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন এবং পপ তারকা বিলি আইলিশ। গায়িকার বিশ্বজুড়ে আলোড়ন তোলা ট্যুরের ম্যানচেস্টার শো-কে কেন্দ্র করে নির্মিত এটি একটি থ্রিডি কনসার্ট ফিল্ম। ক্যামেরনের অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে সিনেপ্লেক্সের ডলবি সাউন্ডে ছবিটি দেখলে দর্শকের মনে হবে তারা সরাসরি কনসার্টের ভেতরে দাঁড়িয়েই পারফর্ম্যান্স উপভোগ করছেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের নতুন ও মানসম্মত আন্তর্জাতিক সিনেমা উপহার দিতে চাই। ভয়, থ্রিল, বিজ্ঞান ও মিউজিকের এমন চমৎকার সমন্বয় আগে কখনো আসেনি। আশা করি দর্শকেরা পরিবার ও বন্ধুদের নিয়ে অসাধারণ এক সিনেম্যাটিক সময় কাটাবেন।’