গানপ্রেমী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এক নাম ‘মেঘদল’। ব্যান্ডটি আগামীকাল শুক্রবার রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘শরতে মেঘদল’ শিরোনামে তাঁদের একক কনসার্টের আয়োজন করেছে। এটি অনুষ্ঠিত হবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই কনসার্টে মেঘদল তাঁদের নতুন ও পুরোনো গানগুলো শ্রোতাদের সামনে হাজির করবে।
চলতি বছরের জানুয়ারিতে ব্যান্ডটি তাঁর পথচলার বিশ বছর অতিক্রম করেছে। জানা গেছে, সেই পথচলার গল্পগুলোও উঠে আসবে এই সন্ধ্যায়।
এক ভিডিও বার্তায় মেঘদলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের এই বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সাধারণ কনসার্টে স্বল্প পরিসরে আমরা অনেক গানই শোনাতে পারি না। অনেক গল্প না বলা থাকে। এই কনসার্ট মূলত সেই গল্পের, সেই গানের; যাঁরা আসলে মেঘদলকে ভালোবাসেন, মেঘদলের গানের-সুরের-কথার সাথে আছেন এবং থাকবেন; তাঁদের জন্যই এই কনসার্ট।’
‘শরতে মেঘদল’ কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাঁদের অধিকাংশই মনে করেন প্রতিটা ব্যান্ডেরই উচিত নিয়মিত একক কনসার্টের আয়োজন করা।
‘ইভেন্টহোলিক’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টের টিকেট ইতোমধ্যে সোল্ড আউট। ইভেন্টের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।
মেঘদলের বর্তমান সদস্য হিসেবে আছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ), তানভীর দাউদ রনি (কি-বোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)।