ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জনিপ্রয় পপতারকা জাস্টিন বিবার। পরবর্তী সময়ে সেই পোস্ট তিনি ডিলেট করতে বাধ্য হন।
গতকাল (১১ অক্টোবর) ইনস্টা স্টোরিতে একটি স্থিরচিত্র পোস্ট করে এই সংগীতশিল্পী লেখেন, ‘প্রেয়িং ফর ইসরায়েল’ । অর্থাৎ ‘ইসরায়েলের জন্য প্রার্থনা করছি।’
কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো—পোস্ট করা ছবিটি ছিল ফিলস্তিনের গাজা শহরের। যেখানে ইসরায়েলি সেনাদের হামলায় বিধ্বস্ত শহর দেখা যায়। এই পোস্টে তখন বিতর্কের ঝড় উঠে। এক পর্যায়ে তা বুঝতে পেরে পোস্টটি ডিলেন করে দিতে বাধ্য হন বিবার। পরে নতুন আরেকটি ছবি দিয়ে ইসরায়েল-ফিলিস্তিনের এই দ্বন্দ্বময় পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যক্ত করে একই কথা বলেন। এতে অবশ্য থেমে নেই সমালোচনা।
বিবারের এক অনুসারী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি বিব্রতকর। আপনি যদি না জানেন যে আপনি কী বিষয়ে কথা বলছেন, তাহলে চুপ থাকুন।’
এর আগে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের অভিমত তুলে ধরেন জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। তাই আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অব্যাহত। দুই পক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ এবং ফিলিস্তিনে ১১০০। খাদ্য, পানি ও বিদ্যুৎ না থাকায় ও ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা