২০১৮ সালের ১৮ অক্টোবর। না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। বহু ব্যান্ডের অনুপ্রেরণা এ গুণী শিল্পী স্মরণে গান প্রকাশ করছে দূরবীন। ব্যান্ডটির নতুন গানের শিরোনাম, ‘তোমার ঘুম ভাঙা শহরে’।
এতে কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সৈয়দ শহীদ। সঙ্গে আছেন আইয়ুব শাহরিয়ার। শহীদের কথায় এর সংগীত করেছে দূরবীনের সদস্যরা। শহীদ জানান, আইয়ুব বাচ্চুর জীবদ্দশায় ৬ বছর আগে গানটা লেখা।
তার ভাষ্য, ‘‘একদিন বাচ্চু ভাইকে সুর করে শুনালাম। উনি মুচকি হেসে বললেন, ‘তুই ঘুম ভাঙা শহর কয়বার শুনেছিস?’ বললাম, কত হাজারবার শুনেছি জানি না। তখন তিনি বললেন, ‘সুরে কিছু পরিবর্তন আনিস। কিছু যায়গায় তোর ড্রামারের ড্রামস টেক দিতে কষ্ট হবে। গিটার সোলো নতুন কিছু…।’ গিটার টেক নিলাম। জয় (দূরবীন ব্যান্ডের গিটারিস্ট) অনেক কষ্ট করল। গিটারের টেক বসের (বাচ্চু ভাই) মন মতো হলো না। আবার কাজ শুরু করে দিলাম। বসকে আর গানটি শুনাতে পারলাম না।’’
‘তোমার ঘুম ভাঙা শহরে’ গানটি প্রকাশ হবে আগামীকাল (১৮ অক্টোবর) দুপুরে শহীদ দূরবীন নামের ইউটিউব চ্যানেলে। দূরবীন ব্যান্ডের বর্তমান লাইনআপ- সৈয়দ শহীদ (গায়ক), আইয়ুব শাহরিয়ার (গায়ক), জয় (গিটার), শুভ (গিটার), শাওন (বেজ গিটার), শিশির (ড্রামস), শোভন (কি-বোর্ড)।