‘আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি’, ‘আমি সেই মানুষটা আর নেই’, ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’—গানে গানে এমন বিরহের সুর বেঁধেছেন অসংখ্য গানে। এবার সেই গানকে ধার করেই নিজের অবস্থান বুঝিয়ে দিলেন সংগীতশিল্পী অনুপম রায়। আজ গোধূলি লগ্নে তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘বন্ধু’ পরমব্রত চট্টোপাধ্যায়। তখন গায়ক রয়েছেন হাজার হাজার মাইল দূরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপমের এক পোস্টেও আজ একাকীত্বের ছায়া। কাতরতার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে…’!
জানা যায়, অনুপম রায় এখন আছেন আমেরিকার সানফ্রান্সিসকোতে। গত শনিবারই উড়ে গেছেন সেখানে। আর সেই ভ্রমণ যাত্রার ভিডিও দিয়ে ক্যাপশনে নিজেরই তৈরি করা একটি গান জুড়ে দিয়েছেন।
এদিকে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা গেছে—আজ (২৭ নভেম্বর) জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পিয়া চক্রবর্তী। একাধারে তিনি সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন। তবে ২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন টলিউডে রটতে দেরি হয়নি। ইন্ডাস্ট্রির ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলে কথা! বহু তরুণীর হার্টথ্রব ক্রাশ এই সুদর্শন অভিনেতা তথা দক্ষ পরিচালক। টলিউডের পাশাপাশি বলিউডেও তাঁর ব্যস্ততা এখন দ্বিগুণ। করোনা মহামারি শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে।
লিভ-ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বন্ধু পিয়ার। তখন তিনি অনুপম-ঘরণী। এরপর সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আনেন পিয়া-অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। তাঁরা সকলেই একে-অপরের বন্ধু ছিলেন। কিন্তু ২০২১ সালের পর সেই সমীকরণটা বদলে যায়।