বিয়ে করলেন গায়িকা বুশরা

গত ১৭ জুন আকদ সেরেছিলেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। দীর্ঘদিনের প্রেমিক আসিফ নাওয়াব চিশতীকে বিয়ে করেন তিনি। তবে সে সময় আয়োজনটা হয়েছিল ঘরোয়াভাবে, উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য ও নিকটাত্ময়ীরা। জানা গিয়েছিল, বিয়ের আনুষ্ঠানিকতা হবে ডিসেম্বরে। এবার পাক্কা ৬ মাস পর সেটাই হলো। 

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বুশরা-চিশতীর বিবাহত্তোর সংবর্ধনা। এদিন সম্পূর্ণ বিয়ের আবহেই দেখা যায় নবদম্পতিকে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয় তাঁদের গায়ে হলুদ পর্ব। 

হলুদ সন্ধ্যায় বুশরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিয়েতে বুশরা পরেছিলেন হালকা গোলাপি রঙের বেনারসি। শাড়ি-গয়নায় অপরূপা সেজে হাজির হয়েছিলেন তিনি। আর বর চিশতীর পরনে ছিল কালো শেরওয়ানি, মাথায় ম্যাচিং করা গোলাপি পাগড়ি।

বুশরার বিবাহত্তোর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়া ও শোবিজের অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।

আকদ অনুষ্ঠানে বুশরা-চিশতী। গত জুনে তোলা ছবিটি ফেসবুক থেকে নেওয়া

গায়িকা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তাঁর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে বছর পাঁচেক ভারতে ছিলেন বুশরা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান।

প্রসঙ্গত, ‘উৎসবের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি গানে সাড়া ফেলেন বুশরা শাহরিয়ার। গত বছর তিনি উপহার দিয়েছিলেন ‘একশ নালিশ’ ও ‘তোমার যদি’ শিরোনামে দুটি গান।