গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সং জোন। মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) একটি ম্যাশআপ কনটেন্টের মধ্য দিয়ে তাঁদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে এই মিউজিক প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, গানের নতুন নতুন সেশন ও কনসার্ট নিয়েও হাজির হবে তাঁরা।
যাত্রা শুরুর প্রাক্কালে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে ১০টি গান মুক্তি দেয় সং জোন। সর্বশেষ বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তাঁদের।
উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানি ফকফকা ও জাহিন রশীদ। দেশাত্মবোধক গানটির সাথে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।
‘ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি’–এই মূলমন্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে সং জোন মনে করে, এ প্ল্যাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র্যাপ, কান্ট্রি—সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে শুদ্ধতম ঐক্য।
সংগীতের এ নতুন প্ল্যাটফর্মটি সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ ও ক্রিয়েটিভ প্রোডিউসার অনুপ আইচ। একইসাথে মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও কোঅর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ।
নতুন এই স্টুডিওতে অত্যাধুনিক সরঞ্জামের সাথে কোয়ালিটিফুল ইন্সট্রুমেন্ট ও বড় একটা টিম কাজ করে যাচ্ছে। গত অক্টোবরের মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় সং জোন’র পথচলা শুরু হয়।