মারা গেছেন উস্তাদ রশিদ খাঁ

চলে গেলেন উপমহাদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রশিদ খাঁ। দিন কয়েক আগে ৫৬ বছর বয়সী এ তারকাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই আজ (৯ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রকে।

বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। জানা যায়, কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। 

বিখ্যাত এ গায়ক শাস্ত্রীয় গানের সূত্রে বাংলাদেশের বেশ কয়েকবার এসেছেন। এ দেশের শ্রোতাদের মধ্যেও তিনি ব্যাপক জনপ্রিয়। 

উল্লেখ্য, রশিদ খাঁর জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত আসরে ঢাকার মঞ্চে গাইছেন রশিদ খাঁ। ছবি: বেঙ্গল ফাউন্ডেশন

সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ও পদ্মশ্রী সম্মান যেমন পেয়েছেন, তেমন কলকাতা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান।