সাদি মহম্মদ মারা গেছেন

কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তাঁর ভাই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ।

তিনি বলেন, ‘আমি কথা বলার মতো অবস্থায় নেই। ভাই আমার আর নেই। আর বেঁচে নেই।’

সে সময় উপস্থিত ছিলেন আরেক নৃত্যশিল্পী শামীম আরা নিপা। তিনি জানান, বাসার পরিস্থিতি কথা বলার মতো নয়। পরে বিস্তারিত জানাবেন।

সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দরাজ গলার শিল্পী হিসেবে শুরু থেকেই নামডাক ছিল তাঁর। বহু রবীন্দ্রসংগীত তার গলায় হয়েছে সমাদৃত। তাঁর প্রতিষ্ঠিত রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান রবি রাগ।   

অন্যদিকে, শহীদ পরিবারের সন্তান সাদি মহম্মদ। তাঁর বাবা শহীদ সলিমউল্লাহ। ১৯৭১ সালে মোহাম্মদপুরের তাজমহল রোডের তাঁদের বাড়ি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। 

একাত্তরের ২৩ মার্চ তাজমহল রোডের সেই বাড়িতে সেজ ছেলে সাদি মহম্মদ তকিউল্লাহর আঁকা বাংলাদেশের পতাকা ওড়ান বাবা সলিমউল্লাহ। সেই পতাকা সেলাই করে দিয়েছিলেন সাদি-শিবলীর মা জেবুন্নেছা সলিমউল্লাহ। পতাকা ওড়ানোর সূত্র ধরে একাত্তরের ২৬ মার্চ অবাঙালি বিহারি ও পাকিস্তানি সেনাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিমউল্লাহর বাড়ি। পুড়িয়ে দেওয়া হয় সেটা। শহীন হন সলিমউল্লাহ।