দীর্ঘদিন ধরেই নানাবিধ অসুস্থতা বাসা বেঁধেছে অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট-বেজিস্ট সাইদুস সালেহীন সুমনের শরীরে। ভক্তদের কাছে যিনি ‘বেজবাবা সুমন’ নামেই সর্বাধিক পরিচিত। মাঝে ক্যান্সারের রেশ কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। পাওয়া গিয়েছিল গানেও। এর মধ্যেই গত জুনের শেষদিকে চিকিৎসা নিতে আবারও ব্যাংককে গেছেন গায়ক। সেখান থেকে নিজেই বর্তমান শারীরিক অবস্থার খবর জানিয়েছেন তিনি।
গত ২৫ জুন সার্জারির জন্য ব্যাংককে পৌঁছেন সুমন। সেখানে ৩ জুলাই তাঁর পায়ে দুটি সার্জারি হয়। সে সময় ভক্তদের কাছে দোয়া চেয়ে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল আমার দুই পায়ে দুটি সার্জারি হবে। দুপুর বা বিকেলে আপডেট পাওয়া যাবে। সবাই দোয়া করবেন।’
এ বিষয়ে পরে তিনি জানান, সফলভাবে পায়ের সার্জারি হয়েছে। এদিকে, গত বছরের শেষদিকে এই গায়কের দুই চোখে সার্জারি করতে হয়। পরে আবারও তাঁর চোখে সমস্যা দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন যাবৎ চিকিৎসার কথা ভাবছিলেন।
এবার পায়ের সার্জারি করাতে গিয়ে চোখের সার্জারিও করতে হলো তাঁকে। বিষয়টি জানিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সুমন লেখেন, ‘আমার চোখের আবারও একটা সার্জারি হয়েছে। আমি এখন ঠিক আছি। পুরোপুরি ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’
পাশাপাশি বেজবাবা জানালেন, চলতি মাসেই দেশে ফিরবেন তিনি। তারপর সেপ্টেম্বরে তাঁকে স্টেজেও দেখা যাবে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে সুমনের শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান ডাক্তাররা। এরপরই জানা যায়, ক্যান্সারে আক্রান্ত তিনি। তখন তা প্রথম ধাপে থাকায় চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর ২০১৭ সালে চিকিৎসা শেষে ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডে মারাত্মক ক্ষতি হয়। পরে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।
অবশেষে ক্যান্সার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন। এর কয়েক দিনের মধ্যেই ভক্তদের সুখবর দেন। জানান, তিন বছর পর নতুন একক গান নিয়ে আসছেন তিনি। প্রকাশ পায় তাঁর লেখা ও সুর করা নতুন গান ‘বয়স হলো আমার’।