সেপ্টেম্বরে আমেরিকায় আর্টসেল, থাকছে বন্যার্তদের জন্য তহবিল

২৫ বছরে পা রেখেছে ব্যান্ড আর্টসেল। এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে নানা ধরনের আয়োজন করে যাচ্ছেন তার সদস্যরা। রজতজয়ন্তী উদযাপনে ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও কানাডায় কনসার্ট ট্যুর করেছেন তাঁরা। এরই অংশ হিসেবে ব্যান্ডটি এবার পারফর্ম করতে যাচ্ছে আমেরিকায় এবং তা আগামী সেপ্টেম্বরেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আর্টসেল। জানা গেছে, আমেরিকায় পাঁচটি কনসার্টে অংশ নেবেন তাঁরা।

আগামী ৭ সেপ্টেম্বর ইন্ডিয়ানা, ২২ সেপ্টেম্বর ভার্জিনিয়া, ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ৫ অক্টোবর ডালাস এবং ১১ অক্টোবর টেক্সাসের হিউস্টন শহরে পারফর্ম করবে ব্যান্ডটি। আয়োজক হিসেবে রয়েছে ফুলসার্কেল ক্রিয়েটিভ।

ছবিটি আর্টসেলের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

কনসার্টের তারিখগুলো প্রকাশ করে আর্টসেলের পক্ষ থেকে বলা হয়, ‘আর্টসেলের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইতিমধ্যে আমরা অস্ট্রেলিয়া এবং কানাডার ট্যুর সম্পন্ন করে তারই ধারাবাহিকতায় আমেরিকায় যাচ্ছি এই সেপ্টেম্বরে।’

দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়েও ভাবনা রয়েছে ব্যান্ডটির। কনসার্ট থেকে প্রাপ্ত পারিশ্রমিকের একটা অংশ বন্যা দুর্গতদের সহায়তার জন্য ব্যয় হবে। এ ছাড়া সেখানে অর্থ তহবিল সংগ্রহেও কাজ করবেন তাঁরা। ব্যান্ডটি বলছে, ‘আমেরিকার বিভিন্ন স্টেটে শো করে যে পারিশ্রমিক আমরা পাব তার একটা অংশ আমরা নিয়ে আসব বন্যা দুর্গতদের সাহায্যে। এবং ওখানে বিভিন্ন অর্গানাইজারদের সাথেও কাজ করব ফান্ড তোলার জন্যে।’ 

প্রসঙ্গত, কাব্যিক লিরিক আর যন্ত্রসংগীতের দুর্দান্ত বুনটে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আর্টসেল। ১৯৯৯ সালে শুরু হয়েছিল তাঁদের এই সংগীত যাত্রা।