গভীর দুঃখে ডুবে থাকার গান নিয়ে এল চলচ্চিত্র ‘নয়া মানুষ’। বড় পর্দায় যারা চলচ্চিত্রটি দেখেছেন তারা এটি শুনেছেন আগেই। তবে, যারা বড়পর্দায় ছবিটি দেখেননি, তাদের জন্য এক এক করে চলচ্চিত্রটির গানগুলো মুক্তি দিচ্ছে জি সিরিজ। সে ধারাবাহিকতায় মুক্তি পেল চলচ্চিত্রটির গান ‘জীবন’।
গানের ভিডিওতে দেখা যায়, মন খারাপে ডুবে আছেন চলচ্চিত্রের প্রতিটি চরিত্র। যেসব চরিত্রে দেখা গেছে রওনক হাসান, মৌসুমি হামিদ ও শিশুশিল্পী উষশীকে।
সিনেমার গল্পটিও তেমন। সব হারানো বানভাসী মানুষের কান্না হাহাকার আর পাথর হয়ে যাওয়ার গল্প তুলে ধরেছেন নির্মাতা সোহেল রানা বয়াতী।
গানটির গীতিকার শহীদুল্লাহ ফরায়জীও বললেন, ‘শ্রোতাদের বিরাণ হৃদয়ে সঙ্গ দেবে এই গানটি।’
গানের কথাগুলো এমন—‘এ জীবন আমারে দিলো শুধু ফাঁকি, তবু কী আশায় বেঁচে থাকি? নিয়তির ভুলে দিতে হয় মাশুল, চিরকাল হইলাম আমি তাঁর খেলার পুতুল, কতো হাহাকার বুকে কবর দিয়ে রাখি..।’
গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। গত ৬ ডিসেম্বর চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পায়। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করেন চলচ্চিত্রটি।
বড় পর্দায় সুধীজন সমাদৃত নয়া মানুষ নিয়ে নির্মাতা বর্তমানে বিকল্প প্রদর্শনীতে যাচ্ছেন। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি প্রমুখ।