সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ে র‌্যাপার হান্নান-সেজান সম্পর্কে যা বলা হয়েছে

পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছেন দেশের আলোচিত র‌্যাপার হান্নান ও সেজান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও মানুষকে প্রেরণা দিতে দুই র‌্যাপার গান করেছিলেন এবং এ জন্য তারা গ্রেপ্তারও হয়েছিলেন।

সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে আলোচিত এ দুই তরুণের নাম এসেছে। বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র–জনতার আন্দোলনে তাঁদের গানের ভূমিকা কথা তুলে ধরা হয়েছে।

বইয়ে বলা হয়েছে―আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন। িতাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী ও ব্যতিক্রম।

তরুণ র‌্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশের সপ্তাহখানেক পরই ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১২ দিন কারাগারে থাকার পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি মুক্তি পান।

অন্যদিকে, ১৬ জুলাই মোহাম্মদ সেজানের ‘কথা ক’ প্রকাশের পরই বিদ্রোহের অংশ হয়ে উঠে গানটি এবং প্রতিবাদী গান করার কারণে ওই সময়ে শেখ হাসিনা সরকারের রোষাণলে পড়েন। এবার সেই গানের জন্যই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছেন হান্নান ও সেজান।