সবকিছুতে আমরা চুলচেরা বিশ্লেষণ করি: তাহসান

নতুন বছরটা চমকপ্রদভাবে শুরু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ব্যক্তিগত জীবনে যেমন প্রবেশ করেছেন নতুন অধ্যায়ে, তেমনই বছরের শুরুতেই প্রকাশ করেছেন ‘একা ঘর আমার’ শিরোনামের নতুন একটি গান। যেখানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সিঁথি সাহা। ইতিমধ্যে গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন তাহসান-সিঁথি দুজনেই। 

শুধু একা ঘর আমারই নয়, তাহসান জানালেন, আরও কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি, যেগুলো এ বছর প্রকাশ পাবে। 

এ গায়ক বলেন, ‘‘অনেক দিন পর আমি একটা সিনেমাতে গান গেয়েছি। সর্বশেষ ২০১৭-১৮’র দিকে ‘যদি একদিন (২০১৯)’ সিনেমার জন্য করেছিলাম। গানটা করেছি একটা মানুষের জন্য, তিনি প্রিন্স মাহমুদ। সাজিদের (একা ঘর আমার গানের সংগীত পরিচালক) যেমন আমি ভক্ত, প্রিন্স ভাইয়ের ভক্ত তো সারা বাংলাদেশ। যদি বাংলাদেশে সেলিব্রেটি কম্পোজার থেকে থাকেন এবং একজন অসাধারণ মানুষ, সেটা প্রিন্স ভাই। তাই প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না—এটা সিনেমা হোক, যা-ই হোক। পরে শুনলাম এটা সিয়ামের (আদরের ছোটভাই) সিনেমা। খুবই খুশি আমি যে, একটা ভালো সিনেমা হয়েছে। গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না যে, গেয়েই মনে হয় এ বছরের বিগেস্ট গান। যেমন, ‘রঙে রঙে রঙিন হব’ গাওয়ার সময়েই জানতাম এটা আপনাদের খুব ভালো লাগবে। তো ‘জংলি’ গানটাও একটা ব্যাপার হবে। কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, ‘একা ঘর আমার’ বেঁচে থাকবে। এটা হয়তো সারা বাংলাদেশজুড়ে তোলপাড় করবে না, তবে এটা বেঁচে থাকবে। তারপর আমার এক বন্ধুর সঙ্গে ইংলিশ একটা গান করেছি, এটা আসবে। একটা আপবিট গান করেছি, ওটা নিয়েও খুশি। আর ‘জংলি’ নিয়ে তো খুবই এক্সেইটেড, ভ্যালেন্টাইনস ডে-তে আপনারা গানটা শুনতে পারবেন।’’

সংবাদ সম্মেলনে সিঁথি ও তাহসান। ছবি: সংগৃহীত

একা ঘর আমার গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘এই গানের কনসেপ্টটা এ রকম যে, ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু হয়েছে যে, দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব তৈরি হলে একে-অপরকে অবহেলা করছে, হয়তো একঘরে আর নেই।’ 

নিজের সম্পর্কে এই গায়কের ভাষ্য, ‘আমি একজন আর্টিস্ট, একজন সেলিব্রেটি, একজন সাধারণ মানুষ। যখন এখানে মানুষ দেখেন, তখন মনে হবে যে, আমি বুঝি বিগ সেলিব্রেটি! কিন্তু আমার জীবনটা খুব সাধারণ। আমি সুপারশপে ঘুরি, মাঝেমধ্যে মাস্ক পরে হাঁটাহাঁটি করি।’

এদিকে, গত ৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন তাহসান। তাঁর স্ত্রীর নাম ‌রোজা আহমেদ। এটি গায়কের দ্বিতীয় বিয়ে। 

জীবনের নতুন অধ্যায় সম্পর্কে এই গায়ক বলেন, ‘বিয়ে জীবনের একটা অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু, যেহেতু আমি একজন সেলিব্রেটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, তাই তারা জানতে চায় যে, আমার ব্যক্তিগত জীবনে কী হয়? এই আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখব না। যেহেতু বিয়ে করেছি, আমি সেটা জানাব; জানানোর কথা ছিল, জানিয়েছি। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে, তার আর কিছু বলার নাই।

এ সময় একজন বিয়ের অনুভূতি জানতে চাইলে, হেসেই খুন সবাই! একগাল হাসি দিয়ে তাহসান বলেন, ‘বিয়ের অনুভূতি! অনেক ভাবেই বলা যায়। আমাদের দেশে হিউম্যারের (রসবোধ) গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে একটু মজা লাগত সেভাবে হয়তো দিতে পারছি না। আমার মনে হয় যে, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি।’

একা ঘর আমার গানটি প্রকাশ করেছে অনুপম মিউজিক। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির কথা ও সুর করেছেন তাহসান নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালে তাঁদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। যদিও ২০১৭ বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। এরপর পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।