গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ সোনু নিগম

মঞ্চে তখন নেচে-গেয়ে একাকার সোনু নিগম। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কনসার্ট থেকে বেরিয়ে আসেন। তিনি যে পিঠের ব্যথায় একেবারে কাতর, তা তাঁর শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট। চিকিৎসার জন্য গাড়িতে তোলার সময় ব্যথায় কেঁদে ফেলেন।

এরপর তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ‘ব্যাক পেইন’ কতটা গুরুতর ছিল, সেই যন্ত্রণার মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়ক। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘জীবনের সবচেয়ে কঠিন দিন আমার কাছে। মনে হচ্ছে যেন মেরুদণ্ডে সুঁচ ফোটানো হচ্ছে।’ তারপরই যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে তাঁকে। 

বিছানায় বিশ্রাম নিতে নিতে গায়ক বলেন, ‘স্টেজে পারফর্ম করার সময় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। যাইহোক, আমি কোনোভাবে সামলে উঠতে পেরেছি এবং আমার অনুষ্ঠান সেরেছি। আমি খুশি যে, আমার পারফরম্যান্স ভালো ছিল।’

অসুস্থতার সময় সোনু নিগমকে তাঁর টিমের সদস্যরা সাহায্য করেছেন। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। তবুও চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। 

সোনুর এই অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন ভক্তরা। প্রিয় গায়কের পোস্টের কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘সোনু জি, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।’ কেউ বলেন, ‘নিজের যত্ন নিও সোনুজি।’