আবারও ঢাকায় আসছেন অনুভ জৈন

আবারও ঢাকায় আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পারফর্ম করতে চলেছেন তিনি।

সুরেলা কণ্ঠ দিয়ে দর্শক-হৃদয়ে জায়গা করে নেওয়া এই গায়কের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছে ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস।

শুক্রবার (২৪ অক্টোবর) নিজেদের অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশ করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। যেখানে দেখা যায়, গায়ক অনুভের গানের ভিডিও। পর্দায় ভেসে ওঠে আসছে নভেম্বরেই ঢাকা মাতাবেন গায়ক।

ক্যাপশনে লেখা, ‘‘অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে ‘বারিশেইন’। জাদুর সঙ্গে রাত হোক আলোকিত, মিস করবেন না!’

জানা যায়, কনসার্টটি আয়োজক প্রতিষ্ঠান হাইপ নেশন। টিকেটিং পার্টনার হিসেবে রয়েছে টিকিট টুমরো। শিগগিরই এই অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।

অনুভ জৈন ২০২৩ সালে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছিলেন। ‌‘লেটস ভাইভ ঢাকা’ শীর্ষক একটি কনসার্টে পারফর্ম করেন তিনি। শিল্পী তালিকায় আর ছিলেন সংগীতশিল্পী তাহসান, প্রীতম হাসান ও জেফার।

২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন অনুভ জৈন। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। তবে তিনি পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তাঁর ‘বারিশেইন’ গানের মাধ্যমে। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’ প্রভৃতি। এরইমধ্যে তিনি বলিউড প্লেব্যাকেও নাম লিখিয়েছেন।