স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বরাবরই স্পষ্টবাদী সংগীতশিল্পী কবীর সুমন। তবে প্রথাবিরোধী মন্তব্যের কারণে মাঝেমধ্যে তিনি বিতর্কেও পড়েন। এবার গর্জে উঠলেন হিন্দি ও হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্দা উঠেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেই উৎসবেই কবীর সুমন বলেন, ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর তো বলা হবে হিন্দিতেই গান গাইতে। এই হিন্দি-হিন্দুত্ব সাম্রাজ্যবাদ রুখতে হবে। তা না পারলে এরপর দেখবেন এই চলচ্চিত্র উৎসবও বাংলাভাষার আর কোনো জায়গা নেই।’
যোগ করে বলেন, ‘এর মানে এই নয় যে বাঙালিয়ানা, কিন্তু এই যে ধর্মভিত্তিক সবকিছু এটা তো কস্মিনকালেও ছিল। এই আগ্রাসনের যে বাড়বাড়ন্ত তা যদি এখনই প্রতিরোধ ও প্রতিবাদ না করা সম্ভব হয়, তাহলে আগামীতে অসুবিধার মুখে পড়তে হবে বঙ্গবাসীকেই।’
শুধু তাই নয়, সোনার বাংলা বিতর্কেও মুখ খুলেছেন কবীর সুমন। তিনি বলেন, ‘‘আমার বাবা সুধীন চট্টোপাধ্যায় ‘আমার সোনার বাংলা’ প্রথম প্লেব্যাক করেছিলেন ছবিতে। সেটা বাংলাদেশের জাতীয় সংগীত। বাংলাদেশে গিয়ে গাইলে তো আমি উঠে দাঁড়াব, কিন্তু এখানে (কলকাতা) এটা আমার গান। এই গান সকলের। আমি যেকোনো গান গাইব। তাতে কার কী?’’