তথ্য-প্রযুক্তির যুগেও স্মার্টফোন ব্যবহার করা রীতিমতো ছেড়ে দিয়েছেন হলিউড অভিনেতা অ্যারন পল। বিশেষ করে তিনি তাঁর সন্তানদের সামনে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলেন। সম্প্রতি তিনি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বক্তৃতায় এই কথা জানান।
ওয়েব সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ জেসি পিঙ্কম্যান চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই অভিনেতা। তিনি জানান, যখন তাঁর মেয়ের বয়স মাত্র ৬ বছর, একদিন সে দৌড়ে তাঁর কাছে এসেছিল, কিন্তু তিনি তখন একটি ই-মেইল পাঠাতে ব্যস্ত ছিলেন, মূলত সেই সময়েই স্মার্টফোনের নেতিবাচক প্রভাব সম্পর্কে এক ধরনের উপলব্ধি তৈরি হয়।
সেই ঘটনার স্মৃতিচারণ করে পল বলেন, ‘আমার মেয়ে দৌড়ে এসে আমাকে একটা প্রশ্ন করছিল... আর আমি তখন ই-মেইল পাঠানোর চেষ্টা করছি।’

অভিনেতা যখন মেয়ের প্রশ্নে কোনো সাড়া দেননি, তখন ছোট্ট মেয়েটি চুপচাপ চলে গেল এবং একা একা খেলতে থাকল। পল জানান, সেই মুহূর্তে তিনি তাঁর ফোন রেখে দেন এবং মেয়ের কাছে ক্ষমা চান। পাশাপাশি এমন একটি ‘সন্ধি’ করেন, যা তাৎক্ষণিকভাবে মেয়ের মন ভালো করে দেয়।
মুহূর্তটি উল্লেখ করে পল বললেন, ‘আমি আমার ফোন রেখে তার (মেয়ে) কাছে যাই, বলি যে সাড়া দিইনি বলে আমি দুঃখিত। এখন আমরা একটি সন্ধি করতে চাই... বাবা যখন তোমার সঙ্গে থাকবে, তখন সে আর ফোন ব্যবহার করবে না।’ মেয়ে তখন একটি শব্দই উচ্চারণ করেছিল, ‘সত্যি?’
পল বলেন, ‘এটা আমার হৃদয়ে গভীর নাড়া দিয়েছিল। সত্যি-সত্যি।’ যখন তিনি এই পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করছিলেন, তখন মেয়ের খুশি দেখে কে! যেন সে বড় কোনো পুরস্কার জিতেছে।
জীবনের এই অভিজ্ঞতাই মূলত বদলে দিয়েছিল পলকে। বাবা হিসেবে বাড়িতে তিনি স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দেন। পল বলেন, ‘প্রযুক্তি আপনাকে নিয়ন্ত্রণ করবে নাকি আপনি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবেন—সেটা আপনারই সিদ্ধান্ত নিতে হবে।’
অভিনেতার এই মন্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা নানা মন্তব্য করছেন। অনেকে ডিজিটাল যুগ আর বাস্তব জীবনের টানাপোড়েনের কথা জানিয়েছেন।


আবারও পরীক্ষায় ফেল করেছেন কিম কার্দাশিয়ান
