ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ক’দিন আগেই তা শোনা গিয়েছিল। তবে এবার ঢাকায় কনসার্টে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি জানান, ডিসেম্বরেই ঢাকায় অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট। কবে ভক্তদের সামনে হাজির হবেন, ক্যাপশনে তিনি সেই তারিখও উল্লেখ করেছেন।
আতিফ তাঁর পোস্টে লেখেন, ‘১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়।’ সঙ্গে জুড়ে দিয়েছেন কনসার্টে গাইবার একটি স্থিরচিত্র। সেখানে টিকিট প্ল্যাটফর্মের বিষয়টিও এসেছে।
এর আগেই অবশ্য আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে এই গায়কের ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। এটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে। এবার শিল্পীর নিজের পক্ষ থেকে ঘোষণা আসায় ভক্তদের মাঝে উচ্ছ্বাস আরও বেড়েছে।
মেইন স্টেজ জানিয়েছে, কনসার্টের দিন দুপুর ১টা থেকে গেট খুলে দেওয়া হবে। শিল্পীরা মঞ্চে উঠবেন বিকেল ৫টা থেকে। ইতিমধ্যে চলোঘুরি.কমে (https://chologhuri.com/) কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে তিন ক্যাটাগরির—দুরি এরিয়া ২৪৯৯ টাকা, আদাত এরিয়া ৪৯৯৯ টাকা এবং পেহলি নাজার এরিয়া ৯৯৯৯ টাকা।
২০০৪ সালে ‘জলপারি’ ও ‘আদাত’ গান দিয়ে আলোচনায় আসেন আতিফ আসলাম। এরপর বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন।
সবশেষ গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। ফের তাঁর আগমণের খবরে উচ্ছ্বসিত ভক্তরা।