ফের বিয়ের পিঁড়িতে পূজা

ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তাঁরা। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল ও চাকরিজীবী। গায়িকা জানান, গত একবছর ধরে তাঁদের পরিচয়, বন্ধুত্ব। এরপর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা। 

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন বাঁধন সরকার পূজা। তাঁর গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এই তালিকায় রয়েছে ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ প্রভৃতি।

এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদ ঘটে।