সবচেয়ে জনপ্রিয় পডকাস্টগুলোর একটি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ আবারও ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। শনিবার (৬ ডিসেম্বর) থেকে প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম–এ প্রচার হবে এই সিজন। সঞ্চালনায় বরাবরের মতো রুম্মান রশীদ খান।
দ্বিতীয় সিজনের প্রথম পর্বেই আসছেন বাংলাদেশের আলোচিত সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর।
পডকাস্টে বরাবরের মতোই খোলামেলা ছিলেন তিনি। জানালেন এক জীবনের না–বলা গল্প। দীর্ঘ সাড়ে চার বছর পাসপোর্ট না থাকার অভিজ্ঞতা প্রসঙ্গে আসিফের কণ্ঠে কষ্টমাখা স্মৃতি, ‘সে সময় নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।’
এতেই শেষ নয়। চাঞ্চল্যকরভাবে উঠে এসেছে আরও একটি ঘটনা। একসময় একজন তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিল! পডকাস্টে সেই ঘটনার পুরো বিবরণ দিয়েছেন আসিফ।
বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু হওয়া সমালোচনার কথাও উজ্জ্বলভাবে তুলে ধরেন তিনি।
‘কাউকে নিয়ে কেউ কথা বলে না, শুধু আমাকে নিয়েই সবাই সমালোচনা করতে পছন্দ করে। আজ বলবে খেলা পারি না, কাল বলবে গান পারি না… এগুলো পরীক্ষা করবে কে?’—নিজস্ব ভঙ্গিমায় বললেন আসিফ।
তার বিশ্বাস, মানুষের কথায় নয়, কাজেই মূল্য, ‘মানুষ কী বলবে সেটা মুখ্য নয়। দুনিয়ায় তুমি কী পদচিহ্ন রেখে যাচ্ছো, মৃত্যুর পর সেটাই আলোচিত হবে।’
বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে–এর দ্বিতীয় সিজনের প্রযোজনায় আছেন জেড আই ফয়সাল।