আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট নিয়ে সুখবর

গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। কিন্তু শেষদিকে এসে নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হয়ে যায়। এবার সেই স্থগিত হওয়া কনসার্ট নিয়ে সুখবর দিলেন গায়ক নিজেই। তিনি জানান, স্থগিত হলেও তা পুরোপুরি বাতিল হয়নি। নির্বাচনের পর এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ জানান, ঢাকার যে কনসার্টটি স্থগিত করা হয়েছিল, সেটি আবার অনুষ্ঠিত হবে। গত ১৩ ডিসেম্বরের কনসার্ট টিকিট আগামী শোয়ের জন্য বহাল থাকবে। 

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ গায়কের পোস্টটি তাঁদের ফেসবুকে পেজে শেয়ার করে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নতুন তারিখে এ কনসার্ট আয়োজিত হবে।

আয়োজক প্রতিষ্ঠানটির আরও জানিয়েছে, যাঁরা ১৩ ডিসেম্বরের টিকিট কেটেছিলেন, তাঁরা সেই টিকিট দিয়েই নতুন তারিখে কনসার্ট উপভোগ করতে পারবেন। তবে যাঁরা নতুন তারিখে কনসার্টে অংশ নিতে আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগও রাখা হয়েছে।

মেইন স্টেজ জানায়, টিকিটধারীরা চাইলে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। তবে একবার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে এবং সেটি পুনরায় বিক্রি, স্থানান্তর বা ব্যবহার করা যাবে না। 

রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছে, আগামীকাল ২১ ডিসেম্বর থেকে ১০ কর্মদিবস পর আনুষ্ঠানিকভাবে রিফান্ড কার্যক্রম শুরু হবে। এই সময়সীমা শেষ হলে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক প্রকাশ করা হবে, যেখানে টিকিটধারীরা লগইন করে রিফান্ডের আবেদন করতে পারবেন।

এদিকে, আতিফ আসলামের ১৩ ডিসেম্বরের কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এরপরই এসেছে নতুন করে কনসার্ট হওয়ার সুখবর।