বছর দুয়েক ধরে শোবিজ অঙ্গনে যে প্রেমের গুঞ্জন ঘুরপাক খাচ্ছিল, এখন তা বাস্তব রূপ নিতে যাচ্ছে। কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন আগামীকাল—এমনটাই দাবি তাদের ঘনিষ্ঠজনদের।
উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্রও পৌঁছে গেছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে গায়িকা জেফার রহমানের বক্তব্য ভিন্ন। বিয়ের সত্যতা জানতে যোগাযোগ করা হলে তিনি ইনডিপেনডেন্ট ডিজিটাল–কে বলেন, ‘কে বলল? আমি তো জানি না।’
আগামীকাল কি আপনার বিয়ে হচ্ছে না—এমন প্রশ্ন করা হলে তিনি আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি। বিয়ের কোনো পরিকল্পনা চলছে কি না জানতে চাইলেও ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দেন।
জানা যায়, জেফার ও রাফসানের বন্ধুত্ব বহুদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা, আর সেই জানাশোনার পরিণতিতেই নাকি এই বিয়ের সিদ্ধান্ত। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে দুজনই বরাবরের মতো অনাগ্রহী ছিলেন। গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে তারা একে অপরকে সবসময়ই ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন।
রাফসান–জেফারের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় প্রায় এক বছর আগে। মূলত রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ভ্রমণ করতে দেখা যায়।
গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককে তাদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়। সিয়াম প্যারাগন শপিংমলের একটি জনপ্রিয় পেরি পেরি ফুডশপে তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার বলেছিলেন, ‘আমাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে আমার কিছু বলার নেই।’
সব মিলিয়ে, দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও কানাঘুষার পর আজই কি আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে এই সম্পর্ক—তা নিয়ে শোবিজ অঙ্গনে চরম কৌতূহল।