‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয় কাজের পাশাপাশি পুরোনো দিনের বেশ কিছু শ্রোতাপ্রিয় গান নিয়ে হাজির হবেন তিনি।
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। বিকেল ৫টায় শুরু হবে মূল আয়োজন।
দুই বছর পর একক কনসার্টে ফেরার আয়োজন নিয়ে উচ্ছ্বসিত মিফতাহ জামান। তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বরের কনসার্ট নিয়ে খুব এক্সাইটেড। দর্শকের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। এবার নতুন কিছু গানও করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম রাতদিন প্র্যাকটিস করছি। আশা করছি দারুণ একটা শো হবে।’
‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানও থাকছে তাঁর এবারের পরিবেশনায়।
এর আগে ২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম একক কনসার্ট করেছিলেন মিফতাহ। এবার দ্বিতীয়বারের মতো একক আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে দাঁড়াচ্ছেন তিনি। নতুন ও পুরোনো গানের সমন্বয়ে এবারের আয়োজনটি ভিন্নধর্মী করার প্রস্তুতি নিচ্ছেন এই সংগীতশিল্পী।
এরই মধ্যে কনসার্টটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি টিকিটের মূল্য ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার টিকিটের মূল্য ৯০০ টাকা। টিকিট সংগ্রহের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে মিফতাহ জামানের ফেসবুক পেজে।


চুয়েটে শাটডাউন তৃতীয় দিনে, বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক
