শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যৌথ আয়োজন ‘কুয়াশার গান’। আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
এতে গান পরিবেশন করবে ‘কৃষ্ণপক্ষ’, ‘আভাস’, ‘চিরকুট’ ও ‘অ্যাশেজ’। তবে আয়োজকরা জানিয়েছেন, এই লাইনআপে কিছুটা পরিবর্তন আসতে পারে।
কনসার্ট থেকে প্রাপ্ত সব অর্থ শীতার্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছে ঢাকসু ও স্পিরিটস অব জুলাই। মূলত মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ গণমাধ্যমে বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা ক্যাম্পাসে শীতকালীন একটা কনসার্ট উপভোগ করতে চান। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করি, শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করে আনন্দিত হবেন।’
‘স্পিরিটস অব জুলাই’র প্রধান আহ্বায়ক এহসান দ্রুব বলেন, ‘সংগীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সকলের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে।’
প্রসঙ্গত, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত নয়; শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নিতে পারবেন।