‘এমন আগে হয়নি, আমাকে ক্ষমা করে দিন’, ভরা মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি

মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে ভেঙে পড়লেন বলিউয়ের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা যায় তাকে।

শনিবার ভারতের লখনউ শহরে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন করছিলেন সুনিধি। গান গাওয়ার মাঝপথেই হঠাৎ তার গলা ধরে আসে। কিছুক্ষণ পর আর নিজেকে সামলে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি।

মঞ্চ থেকেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে গায়িকা বলেন, ‘আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমিও গান গেয়ে যেতে চাই।’

কথা বলতে বলতেই গলা ভারী হয়ে আসে তার। চোখে জল নিয়ে সুনিধি আরও বলেন, ‘হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও হয়নি। খুব অস্বস্তিকর। আমি দুঃখিত। আসলে আমি যখনই গান গাই, নিজের একশো শতাংশ দিতে চেষ্টা করি।’

এ সময় নিজের কণ্ঠের অবস্থার জন্য দর্শকদের কাছে বারবার ক্ষমা চান এই গায়িকা। তার ভাষায়, ‘দুর্ভাগ্য! তবে আমি চেষ্টা করে যাচ্ছি। যদিও তেমন ভালো হবে না। তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনাদের সকলের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় নিজের ‘আই অ্যাম হোম’ সংগীত সফর শুরু করেছেন সুনিধি। প্রথম অনুষ্ঠান ছিল মুম্বই শহরে। এরপর তিনি পারফর্ম করেছেন দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, চেন্নাই, জয়পুর, চণ্ডীগড়ইন্দৌর শহরে।