বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায় ভেঙে গেল তাঁদের সংসার।
ইনস্টাগ্রাম পোস্টে কনিকা জানান, অনেক ভাবনা-চিন্তার পর তিনি ও তাঁর স্বামী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গায়িকার ভাষ্য, ‘কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন।’
ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা আরও লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনা-চিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ।’
বিয়ের দীর্ঘদিন আগে থেকেই কণিকা ও গৌতমের পরিচয়। দীর্ঘ ১৫ বছরেরও বেশি বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে বদলাতে চেয়েছিলেন গৌতম। জানা যায়, ২০১৪ সাল নাগাদ গৌতম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কণিকাকে। কিন্তু তিনি রাজি হননি।
এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন তিনি। বারবার বিয়ের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে প্রেমে পড়ে যান গায়িকাও। দীর্ঘদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।’
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও বিচ্ছেদের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়িকাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তাঁর সঙ্গে সংসার শুরু করেন লন্ডনেই। তাঁদের ঘরে রয়েছে তিন সন্তান।
২০১২ সালে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন কণিকা। তবে ২০১৪ সালে গাওয়া ‘বেবি ডল’ গানটি তাঁকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিয়েছিল।


