গায়িকা-নায়িকা-মডেলকে শোপিস না বানানোয় বিএনপিকে লাল সালাম: ন্যানসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় এলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো তারকার। এতে বাদ পড়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন-এর মতো তারকারাও।

গত ২০ এপ্রিল প্রকাশিত তালিকার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি। আজ ২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছেন,
‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল—এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য গত ১০ এপ্রিল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিন দিনের মধ্যেই প্রায় ১ হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। এই তালিকায় ছিলেন রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমক-সহ শোবিজ অঙ্গনের আরও বেশ কয়েকজন পরিচিত নাম।